
সুদূর প্রবাসে থেকেও নিজ গ্রামের উন্নয়ন ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে দুবাই প্রবাসী আমিরুল আলম খান রিপনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪টায় স্থানীয় নুরানী মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। গ্রামের শান্তি-শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াত নেতা অলিউর রহমান ভুঁইয়া এবং পরিচালনা করেন তিনি নিজেই।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াত নেতা এ টি এম মাসুম, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মাহফুজ ভুঁইয়া, সাংবাদিক নেতা এ এফ এম রাসেল পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান, আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন। সাবেক ছাত্রনেতা এম আই মাসুম ভুঁইয়া, যুবনেতা জাহিদ মোল্লা।
সাংবাদিক নেতা এ এফ এম রাসেল পাটোয়ারী তাঁর বক্তব্যে সমাজের ভালো মানুষদের নীরব ভূমিকার সমালোচনা করে বলেন- সমাজ খারাপ লোকদের কারণে নষ্ট হয় না, বরং ভালো মানুষরা চুপ করে থাকার কারণে সমাজ পরিবর্তন হয় না। অভিভাবকদের দায়িত্ব নিতে হবে সন্তানদের সঠিক পথে চালানোর জন্য। সবাই ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করলে সমাজ সুন্দর হবে।
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসী উদ্যোক্তা আমিরুল আলম খান রিপন বলেন- আমরা মজলুম, সবসময় নির্যাতিত থেকেছি, তবুও কাউকে আঘাত করব না, ক্ষমা করে দেব। আমাদের গ্রামে ডাক্তার, আইনজীবী, সচিবসহ অনেক বিশিষ্টজন আছেন। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে গ্রামকে সুশৃঙ্খল ও আদর্শ গ্রামে পরিণত করতে চাই।
গ্রামবাসীরা তাদের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে জানান, সম্প্রতি গ্রামের অনেক যুবক নেশাগ্রস্ত হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তাদেরকে সঠিক পথে ফিরিয়ে এনে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাফর আহমাদ, মোঃ সফিকুর রহমান, হাফেজ আনোয়ার হোসেন, যুবনেতা মোঃ ইউনুছ ভুঁইয়া, মিজানুর রহমান ও হাফেজ সালা উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাস্টার আব্দুল মান্নান ভুঁইয়া, সাংবাদিক জহিরুল ইসলাম সুমন, যুবনেতা আবু সায়েম, ছাত্রশিবির আলকরা ইউনিয়ন পশ্চিম শাখার সেক্রেটারি মোঃ আলভী, কুলাসার মাদ্রাসা শাখার সভাপতি হাফেজ জাশেদুল ইসলাম ভুঁইয়া, যুবনেতা মোঃ এয়াকুব, স্বপনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
নিজস্ব প্রতিবেদক : 









