
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ৮ শিশু-কিশোর পেয়েছে বাইসাইকেল পুরস্কার। স্থানীয় ৮টি মসজিদে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় ২০০ শিশু-কিশোর অংশ নেয়। তাদের মধ্যে শর্ত অনুযায়ী টানা ৪০ দিন ২০০ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ৮ জন বিজয়ী হয়।
এছাড়া যারা মাত্র এক-দুই ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারেনি, তাদের মধ্যে প্রায় ১৪০ জনকে ব্যাগ ও খাতা-কলম পুরস্কার দেওয়া হয়।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে কুলাসার মাদ্রাসা মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা কাজী মহি উদ্দিন এবং সঞ্চালনা করেন আলাউদ্দিন নিশাদ। প্রধান অতিথি ছিলেন দেশের শীর্ষ স্থানীয় ওষুধ কোম্পানি বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ একরামুল হক হারুন, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিভিল সার্জন ডা. গোলাম কিবরিয়া টিপু, সাবেক প্রফেসর মোস্তফা কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটির আহ্বায়ক মুজিবুল ইসলাম জানান, গ্রামের শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ও নামাজের গুরুত্ব বোঝাতে ১০ থেকে ২০ বছর বয়সীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
পুরস্কারপ্রাপ্ত ফাহাদ খান ও সাজেদুল ইসলাম বলেন, প্রথমে পুরস্কারের আশায় নামাজে এসেছিলাম, এখন মন থেকে জামাতে নামাজ পড়তে ভালো লাগে।
কুলাসার পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন জানান, এ প্রতিযোগিতাকে ঘিরে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর ছিল। প্রতিযোগীদের সঙ্গে তাদের অভিভাবকরা নামাজে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও শিশুদের চরিত্র গঠন ও প্রকৃত নামাজি হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : 









