চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুনিয়াচাঁদপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিন্টেন্ডেন্ট, শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা শামসুল আলম (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (০৯ এপ্রিল) দুপুর আনুমানিক ১:১৫ মিনিটে বাড়ি ফেরার পথে কোমরপুর ইটভাটার নিকট বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার তীব্রতায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
মাওলানা শামসুল আলম দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে কুনিয়াচাঁদপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর শিক্ষকতা, নেতৃত্ব ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তিনি অত্র অঞ্চলে একজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন।
তাঁর এই অকাল মৃত্যুতে পীরপুরকুল্লা সহ গোটা দামুড়হুদা উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় শিক্ষক ও অভিভাবককে হারিয়ে কাঁদছেন সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী। মাদ্রাসার শিক্ষকরা কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমরা একজন আলোকিত মানুষকে হারালাম, যিনি শুধু শিক্ষকই ছিলেন না, ছিলেন আমাদের পথপ্রদর্শকও।”
শোক প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষকগণ, এবং ধর্মপ্রাণ মানুষজন। খুব শিগগিরই জানাজা ও দাফনের বিষয়ে পরিবার থেকে সিদ্ধান্ত জানানো হবে।
আল্লাহ্ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন – আমিন।
বাংলাদেশ সকাল/ ইস