তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে নবগঠিত জাতীয়তাবাদী ক্রীড়া দল। কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে সিটি ক্লাবে হয় প্রস্তুতি সভাটি।
যেখানে সিদ্ধান্ত হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ক্রীড়া দল থেকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করা হবে৷ জাহেদ পারভেজ বলেন "তারেক রহমান আসলে অন্যান্য সেক্টরের পাশাপাশি দেশের ক্রীড়া ক্ষেত্রেও উন্নয়ন ঘটবে। খেলাধুলার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে আলোকিত করার লক্ষ্যের অংশ হিসেবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন হিসেবে ক্রীড়াদল গড়েছে। যা আত্মপ্রকাশ করেছে কিছুদিন আগে। আর সেই জাতীয়তাবাদী ক্রীড়া দল প্রথমবারের মতো প্রিয় অভিভাবককে সামনে থেকে দেখবে। সেই মুহুর্ত স্বরনীয় করে রাখতে হবে। আমরা সেই অভিভাবকের অপেক্ষায় আছি"
কেন্দ্রীয় কমিটির সকল সদস্যের পাশাপাশি সারা দেশ থেকে ক্রীড়া দলের সদস্যদের ২৫ তারিখ সকালের মধ্যে রাজধানীর ৩০০ ফুটে সমবেত হওয়ার নির্দেশ দেওয়া হয় সভা থেকে। যেখানে স্বরনকালের সর্বোচ্চ জনসমাগম ঘটিয়ে সংবর্ধনা দেয়া হবে তারেক রহমানকে।