
নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোটারি ক্লাবের উদ্যোগে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে বিনামূল্যে স্তন ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৫২ জন নারী নিবন্ধন করেন। এর মধ্যে ১১০ জনের প্রাথমিক স্ক্রিনিং সম্পন্ন করা হয়।
স্থানীয় স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সহযোগী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণকারী নারীদের প্রাথমিক রিপোর্ট পর্যালোচনা করে জেলা সদর হাসপাতালে ফলোআপ পরীক্ষার পরামর্শ দেন। প্রয়োজন অনুযায়ী আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থাও জানিয়ে দেওয়া হয়। ক্যাম্পের মেডিকেল অফিসার ও নার্সিং টিম রোগীদের তথ্য সংরক্ষণ ও পরবর্তী ফলোআপ নিশ্চিত করার দায়িত্ব নেন।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে নারীদের মৃত্যুর অন্যতম বড় কারণ স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার। প্রতিবছর এসব রোগে প্রায় ১২ হাজার নারী প্রাণ হারান। তারা বলেন, নিয়মিত স্ক্রিনিং, সচেতনতা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগগুলো সহজেই প্রতিরোধযোগ্য এবং বহু নারীর জীবন বাঁচানো সম্ভব।
রোটারি ক্লাব কর্তৃপক্ষ জানান, নারীদের স্বাস্থ্যসেবায় এই বিনামূল্যের উদ্যোগ শুধু লালমনিরহাটেই নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে চালু থাকবে। প্রাথমিক স্ক্রিনিং ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে তারা নিরলসভাবে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেন।
নুরুল ফেরদৌস, লালমনিরহাট: 









